বি৭১নি ডেস্ক :
বিয়ের আগে ক্যামেরার আড়ালে লুকিয়ে প্রেম করেছেন শ্রাবন্তী-রোশন। তবে বিয়ের পর তাদের সম্পর্ক নিয়ে অনেকটাই খোলামেলা এই জুটি। একে অপরের প্রতি ভালো লাগার কথা প্রকাশ করতে বিন্দুমাত্র পিছপা হন না তারা। তারই জ্বলন্ত প্রমাণ দিচ্ছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এক ছবি। সেখানে দেখা যাচ্ছে, পূজায় বসে স্বামী রোশনের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি।
গত এপ্রিলে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী-রোশন। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকে। তারা যে একে অপরের প্রেমে আপাতত মজে রয়েছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
গতকাল মঙ্গলবার নিজের ইন্সটাগ্রামে বাড়ির পূজার একটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তীর স্বামী রোশন সিং। যেখানে পূজার মাঝেই মোহিত হয়ে রোশনের দিকে তাকিয়ে রয়েছেন শ্রাবন্তী। এই ছবি পোস্ট করে ক্যাপশনে রোশন লিখেছেন, ‘তুমি যেভাবে আমার দিকে তাকিয়ে থাকো,এ বিষয়টিই আমার বেশ ভালো লাগে।’
তবে এই প্রথম নয়, মাঝে মধ্যেই শ্রাবন্তীর বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায় রোশন সিংকে।
শিখ রীতিতে চণ্ডীগড়ের এক গুরুদ্বারে বিয়ে করেন তারা। বিয়ে সেরে কলকাতায় ফিরে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে মধুচন্দ্রিমাও করে এসেছেন শ্রাবন্তী ও রোশন। আপাতত নিজেদের নতুন কেনা আরবানার ফ্ল্যাটে থাকছেন তারা।