• ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

প্রায় ৭ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ চালু

bijoy71news
প্রকাশিত জুন ২৯, ২০১৯

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের বরমচালে দুর্ঘটনাকবলিত উপবন ট্রেনের বগি উদ্ধারে সাময়িকভাবে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ থাকার প্রায় ৭ ঘণ্টা পর রেলযোগাযোগ আবারও চালু হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর সোয়া ২টা থেকে বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে শ্রীমঙ্গলে এসে দাঁড়িয়ে ছিল। আরেকটি লোকাল ট্রেনও স্টেশনে দাঁড়ানো ছিল।
ঢাকাগামী কালনী এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে এসে আটকে ছিল বরমচাল ভাঙা ব্রিজের পাশে। আসেনি সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসও।
প্রসঙ্গত, রোববার (২৩ জুন) রাত ১১টা ৪৮ মিনিটে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার কাছেই সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের কয়েকটি বগি খালে পড়ে যায়। এছাড়া আরও তিনটি বগি স্থলভাগের সীমানায় লাইনচ্যুত হয়ে পড়ে। মোট পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন।
এ ঘটনায় নিহত হন চারজন এবং আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনার কারণে ২২ ঘন্টা বন্ধ থাকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ।