• ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৭৫-এর পর বিএনপি রেল সেক্টরকে ধ্বংস করে দিয়েছে : রেলমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জুন ২৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, ৭৫ পরবর্তী সময়ে দীর্ঘদিনে বিএনপি ক্ষমতায় এসে এসে রেল সেক্টরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। সড়ক যোগাযোগে তারা কিছু উন্নয়ন করলেও রেল যোগাযোগে কোনো উন্নয়ন করে নাই।
বুধবার (২৬ জুন) সকাল সোয়া ১০ টার দিকে দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় রেলমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই রেল বিভাগ। ২০১১ সাল থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রেলপথের উন্নয়নে হাত দিয়েছে। সারা দেশেই মিটারগেজ রেললাইনগুলো ডুয়েল গেজে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এই লাইনগুলো যতক্ষণ পর্যন্ত ভালো অবস্থায় নেয়া না যাবে ততক্ষণ পর্যন্ত সময় তো লাগবেই।
তিনি আরও বলেন, ঢাকা-সিলেট রেলপথে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত হয়েছে। আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজে রূপান্তরিত করতে ইতিমধ্যে ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে। দ্রুত তা বাস্তবায়নে কাজ চলছে। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬টি নতুন রেলস্টেশন নির্মাণ হবে এবং সিলেট রেলস্টেশনকে আরও আধুনিকভাবে নির্মাণ করা হবে।
এর আগে রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ভয়াবহ রেল দুর্ঘটনার পর আহতদের খোঁজখবর এবং ঘটনাস্থল পরিদর্শন করতে মঙ্গলবার রাত ১০টায় উপবন এক্সপ্রেসে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।