বি৭১নি ডেস্ক :
গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘পাসওয়ার্ড’। মালেক আফসারী পরিচালিত এই ছবির প্রযোজকও ঢালিউডের শীর্ষ এই তারকা। ছবি মুক্তির আগেই শাকিব খান ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে নিয়মিত ছবি প্রযোজনা করবেন। এবার তার দেওয়া কথা রাখলেন তিনি।
আজ রোববার দুপুরে বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নতুন চারটি ছবির ঘোষণা দেন তিনি। ছবিগুলোর হচ্ছে ‘বীর’, ‘পাসওয়ার্ড ২’, ‘ফাইটার’ ও ‘প্রিয়তমা’। এগুলো নির্মাণ করবেন কাজী হায়াত, মালেক আফসারী, বদিউল আলম খোকন ও হিমেল আশরাফ।
এ সময় শাকিব খান বলেন, ‘“পাসওয়ার্ড” ছবি দিয়ে দর্শকদের বেশ সাড়া পাচ্ছি। এখন যে ছবিটার কাজ করছি, তা শেষ করেই নতুন ছবিগুলোর কাজ শুরু করবো। দর্শকদের যুগোপযোগী ও ইন্টারন্যাশনাল মানের ছবি উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্র আমাকে নাম, যশ, খ্যাতি ও অর্থ সবই দিয়েছে। চলচ্চিত্রের সুসময়ে আমি অনেক কিছু পেয়েছি। তাই এই দুঃসময়ে আমি চলচ্চিত্রের পাশে থাকতে চাই। আজকে চারটি ছবি প্রযোজনার ঘোষণা করছি। সামনে আরও করবো। অন্যরাও এগিয়ে আসবেন। বাংলা চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে।’
অনুষ্ঠানে উপস্থিত তিন চলচ্চিত্র নির্মাতার হাতে সাইনিং চেক তুলে দেন শাকিব খান ও এসব ছবির সহ-প্রযোজক ইকবাল হোসেন জয়।