• ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

লালাবাজারে বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রীর মৃত্যু

bijoy71news
প্রকাশিত জুন ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে সিলেটগামী শ্যামলী বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও ৪ যাত্রী।
বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহত ব্যক্তি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাবরু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৩৫)।
আহতরা হচ্ছেন- গোয়াইনঘাট উপজেলার আঙ্গারুজুর গ্রামের রুহুল আমীন চৌধুরী বাবুলের স্ত্রী দিলারা বেগম ও তাদের দু্ই মেয়ে নওশীন (১৮) ও সানজিদা (৮)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে লালাবাজার কুশিয়ারা সিএনজি পাম্পের সামনে একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট থ ১২-১৩৯১) ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৩৭৮১) একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাতে থাকা তিন মহিলাসহ পাঁচ যাত্রী এবং চালক গুরুতর আহত হন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বাকিরা সকলেই গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার পর বাসটি দ্রুত চালিয়ে হুমায়ুন চত্বর এলাকায় এলে বাসটি আটক করা হয়। তবে বাসটির চালক পালিয়ে গেছে বলে জানান জেদান আল মুসা।