• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিএনপি-ঐক্যফ্রন্ট জনগণ থেকে অনেক দূরে সরে গেছে : তথ্যমন্ত্রী

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের প্রতি আস্থা হারিয়ে জনগণ থেকে অনেকে দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জো‌ট আয়োজিত সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তি‌নি কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। নির্বাচনের আগে জনগণ থেকে বিচ্ছিন্ন থাকায় নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টকে আগে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও আস্থা ফিরিয়ে আনতে হবে। নির্বাচন বর্জন আর প্রতিহতের পথ থেকে তাদের সরে আসতে হবে।’
বিএনপি-ঐক্যফ্রন্টকে সংসদে ফিরে এসে জনগণের অধিকার নিয়ে কথা বলার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা সংসদে ফিরে এসে জনগণের অধিকার নিয়ে কথা বলুন। তাদের অধিকার রক্ষার চেষ্টা করুণ। তা না হলে আপনারা জনগণের কাছে আর ফিরে যেতে পারবেন না।’
এ সময় সুরঞ্জিত সেনগুপ্তকে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি তার মেধা এবং প্রজ্ঞা দিয়ে সংসদকে সর্বদা প্রাণবন্ত করে রাখতেন। তিনি যে মাপের পার্লামেন্টারিয়ান ছিলেন সে রকম আর দেখা যায় না। তিনি ছিলেন আওয়ামী লীগের জন্য উদার মানসিকতার মানুষ। তার কাছে গিয়ে কেউ কোনো দিন হতাশ হয়ননি অথবা খালি হাতে ফেরত আসেননি। তার অকাল প্রয়াণে দেশ, আওয়ামী লীগ ও সংসদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’
এখনকার নেতাদের সৌজন্যবোধ নেই। তারা কোনো অনুষ্ঠানে সৌজন্যবোধ দেখান না। অথচ অভিজ্ঞ এই পার্লামেন্টারিয়ানের সেই সৌজন্যবোধ ছিল বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি যেকোনো অনুষ্ঠানে সবার সঙ্গে কুশল বিনিময় করতেন। তাদের খোঁজ খবর নিতেন।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপ‌স্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী নেতা বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ কুমার রায়, কামাল চৌধুরী, অনুরাধা বিশ্বাস, কণ্ঠশিল্পী রফিকুল আলম, আক্তার হোসেন, মিজানুর রহমান বিটু প্রমুখ।