• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ কাউকে দেওয়া হবে না : দুদক চেয়ারম্যান

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
দুর্নীতির অনুসন্ধান চলাকালেই অবৈধভাবে অর্জিত সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এ ব্যাপারে জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘২০০৪ সাল থেকে এ পর্যন্ত অবৈধ সম্পদসংক্রান্ত চলমান মামলা এবং নিষ্পত্তি হয়ে কমিশনের পক্ষে রায় যাওয়া মামলার তালিকা কমিশনে লিপিবদ্ধ করতে হবে। জব্দ করা অবৈধ সম্পদ ভোগ করার সুযোগ কাউকে দেওয়া হবে না। অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে আনার ব্যবস্থা করবে দুদক।
কয়েক বছর ধরে দুদকের উদ্যোগে মামলার তদন্ত পর্যায়ে কিংবা বিচার পর্যায়ে সম্পদ জব্দ করার ব্যবস্থা নেওয়া হতো। ইকবাল মাহমুদ বলেন, ‘জব্দ হওয়া সম্পদের জিম্মাদার যারা হবেন, তাদের জবাবদিহিতার বিষয়টিও পরীক্ষা করতে হবে। দুর্নীতির একটি পথ বন্ধ করে আরেকটি পথ খুলতে দেওয়া হবে না।’
এসব সম্পদ ব্যবস্থাপনায় যাতে কোনো দুর্নীতি না হয় সেজন্য নীতিমালা করা যায় কি না তা খতিয়ে দেখতে কমিশনের কর্মকর্তাদের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। দুদকের আরেক মহাপরিচালক (আইন) মঈদুল ইসলাম বলেন, ‘দুদক যখনই চাইবে তা অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে যখনই হোক অবৈধ সম্পদ জব্দ করতে পারবে।’
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে ‘অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিট’র কার্যক্রম নিয়ে এই জরুরি সভায় অপরাধলব্ধ সম্পত্তি ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক খন্দকার এনামুল বাছির, গোয়েন্দা ইউনিটের পরিচালক, আইন অনুবিভাগের পরিচালক ও বিশেষ তদন্ত অনুবিভাগের পরিচালকসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।