বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের জেতার কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেন, ‘তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের লোকজনকে হত্যা করতে।’
আজ রোববার সকালে ধানমন্ডি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে জয় এসব কথা বলেন।
এর আগে সকাল সোয়া ১০টার কিছু পরে ভোটকেন্দ্রে যান তিনি। পরে ভোট দিয়ে সাংবাদিকদের জয় বলেন, ‘বাংলার মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে। নৌকাকে আবার বিজয়ী করবে যাতে আমরা আবার উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিয়ে যেতে থাকি। ’
যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘কয়েক মাস ধরেই বিএনপি-জামায়াত এই যুদ্ধাপরাধীরা মিলেই এই নির্বাচনকে একটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন করার জন্য উঠেপড়ে লেগে আছে। তারা বিদেশে প্রচণ্ড লবিং করছে। তারা জানে, সব জরিপে এটা সবাই জানে বিএনপি-জামায়াতের জেতার কোনো উপায় নাই। তো তারা চেষ্টা করে যাচ্ছে আমাদের লোকজনকে হত্যা করতে।’
বিএনপি-জামায়াত পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন জয়। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষ যাকে ভোট দেবে আমরা চাই তারাই ক্ষমতায় আসুক। ’
এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও ঢাকা সিটি কলেজ কেন্দ্র ভোট দিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। আজ এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভোট দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় রাজধানী ঢাকার ধানমণ্ডির সুধাসদনের বাসার ঠিকানায় (৫৪, ৫ নম্বর ধানমণ্ডি) ঢাকা-১০ আসনে ভোটার।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।