• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে দ্রুত মানে ৫ বছর : ড. কামাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০১৮

বি৭১নি ডেস্ক :
বাংলাদেশে দ্রুত শব্দটা মানে পাঁচ বছর বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, ‘এই নির্বাচনে আপনাদের আমাদের সবাইকে সেই দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এলাকা এলাকায় একজন প্রতিনিধি। একটা নির্বাচনী এলাকা থেকে একজন প্রতিনিধি সংসদে যাবে দেশ শাসন করবে আমাদের পক্ষে। দেশে জনগণের মালিকানা থাকতে হলে সুষ্ঠু নিার্বচনের মধ্য দিয়ে নির্ভয়ে আমরা ভোট দিয়ে সব প্রতিনিধি ওখানে থাকবে, যে আমাদের হয়ে দেশ শাসন করবে তাদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা নির্বাচিত হবে।’
তিনি বলেন, ‘সেটাতো আগেই বললাম। যে নির্বাচনে একটা তথাকথিত নির্বাচন হয়েছিল ২০১৪-তে। আমি কোর্টে গিয়েছিলাম। কোর্ট আমাকে বলল এই নির্বাচন নিয়ে কি বলো? আমি বললাম অনেক কিছু বলা যেতে পারে। কিন্তু সরকার তো বলছে দ্রুত একটা নির্বাচন দিয়ে দেবে।’
গণফোরাম সভাপতি বলেন, ‘কিন্তু আমাকে এখন বলতে হবে বাংলার ডিকশনারি নতুন করে লিখতে হবে। এখন বাংলাদেশে দ্রুত শব্দটা মানে পাঁচ বছর। পৃথিবীতে সব জায়গায় দ্রুত মানে দ্রুত। কিন্তু বাংলাদেশে যতদিন এই সরকার তারা এটা করে ফেলেছে যে দ্রুত মানে পাঁচ বছর।’
তিনি বলেন, ‘কোর্টে কথা দিয়েছিল আমি সাক্ষী। আমি হলফনামা দিয়ে এটা লিখে দিয়ে যাবো বলেছিল যে আমরা দ্রুত নির্বাচন দিচ্ছি। ২০১৪ তে বলেছিল। ১৫ গেলো ১৬ গেলো, ১৭ গেলো ১৮-তে এসে শেষ দিন টেনে ইলেকশন দেওয়া হলো।’
ড. কামাল আরও বলেন, ‘লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের সংবিধান। আজকে যারা ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমাদেরকে যারা সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায়, এরা কি স্বাধীনতার শত্রু নাকি। এরা তো ইয়াহিয়া খানের উত্তরসূরী।’