• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট-৫ আসনে ব্যস্ত সময় যাচ্ছে মজুমদার ও সেলিমের, বিশ্রামে ঐক্যফ্রন্ট প্রার্থী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৮

জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাফিজ আহমদ মজুমদার ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এমপি ভোটের মাঠে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাঁরা দুজনই নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণ, উঠান বৈঠক, কর্মীসভায় যোগদান করছেন।
তবে ভোটের মাঠে নেই বিএনপি-ঐক্যফ্রন্ট প্রার্থী জমিয়ত নেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বার্ধক্যজনিত রোগে অসুস্থতায় বিশ্রামে আছেন। এতে ভোটের মাঠ দখলে রেখেছেন আওয়ামী লীগ প্রার্থী ড. হাফিজ আহমদ মজুমদার ও জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এমপি।
জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের প্রার্থী ড. হাফিজ আহমদ মজুমদার প্রতিদিন নির্বাচনী গণসংযোগ শেষে সিলেটস্থ তাঁর প্রতিষ্ঠিত হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ভবনে রাত্রি যাপন করে ভোরে সূর্য উদয়ের আগেই নির্বাচনী এলাকায় ছুটে যান।
শনিবার সকালে তিনি নির্বাচনী এলাকা জকিগঞ্জ-কানাইঘাটের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ট্রাস্ট ভবনে মতবিনিমিয় করে নৌকা পক্ষে ভোট চাওয়ার নির্দেশনা দেন। এরপর দুপুরের দিকে কানাইঘাটের রাজাগঞ্জ এলাকায় নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি ভোটরদেরকে বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কার কোন বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে। ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি তিনি আহবান জানিয়েছেন।
এদিকে জাতীয় পার্টির প্রার্থী সেলিম উদ্দিন এমপি সিলেট শিবগঞ্জের সেনপাড়ার বাসায় রাত্রী যাপন করে সকাল ৮টার দিকে নির্বাচনী এলাকার লক্ষীবাজারে এসে লাঙ্গল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ শুরু করেন।
তিনি লক্ষীবাজার, বিরশ্রী, জামডহর, উজিরপুর, মাসুম বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত ছিলেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দ্যেশে বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে জকিগঞ্জ-কানাইঘাটে অতীতের সকল এমপির চাইতে বেশী উন্নয়ন করেছি। আমি কখনো কাউকে হয়রানী করিনি। বিগত ৫ বছর সাধারণ জনগের জন্য আমার দরজা ছিলো উন্মুক্ত। ৩০ ডিসেম্বর লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আবারো আমাকে নির্বাচিত করলে অসমাপ্ত কাজকে সমাপ্ত করবো।
অন্যদিকে বিএনপি-ঐক্যফ্রন্ট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক অসুস্থ হয়ে সিলেট নগরীর লামাপাড়া’ বাসায় বিশ্রামে রয়েছেন।
ওবায়দুল্লাহ ফারুকের ভাগ্না ছাত্র জমিয়ত নেতা হাফেজ আব্দুর রহমান নাদিম বিষয়টি নিশ্চিত করে জানান, ধানের শীষের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক সংসদীয় আসনের সবাইকে সালাম জানিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার জন্য জমিয়তসহ সকল দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।