মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই দুই আনসার সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁদের মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁরা আদালতের বিচারক সজীব চৌধুরী তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিকে নিরাপত্তার আশ্বাস দিয়ে হাসপাতালে নিয়ে গৃহবধূকে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় গ্রেপ্তার আসামিদের চাকরি থেকে বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বরখাস্ত আনসার সদস্যর হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওতিয়াপাড়া গ্রামের আবু সাঈদ (২৫) এবং টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ফলদা পূর্বপাড়া গ্রামের শাহাদাত হোসেন (২৯)। তাঁরা মানিকগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে বাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ থেকে স্বামীর সঙ্গে তাঁর ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলায় নানার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। রাত ১২টার দিকে জেলা সদর হাসপাতালের কাছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁদের ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার কারণে হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি গাছের নিচে আশ্রয় নেন তাঁরা।