আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একইভাবে পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। উভয় প্রার্থীর নির্বাচনি হলফনামায় উঠে এসেছে তাদের আর্থিক অবস্থার বিস্তারিত চিত্র।
কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, হাসনাত আব্দুল্লাহর নামে কোনো বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবন নেই। তবে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। হাতে নগদ রয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২৬ লাখ টাকার সোনা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। এছাড়া তার এক লাখ টাকার আসবাবপত্র ও ৬৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। তার নামে কোনো মামলা, অভিযোগ বা ব্যাংকঋণ নেই। পেশা হিসেবে তিনি ব্যবসার কথা উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স)।
২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী হাসনাত আব্দুল্লাহ মোট সম্পদ দেখিয়েছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা এবং আয়কর পরিশোধ করেছেন এক লাখ ৫ হাজার ৫৩১ টাকা। জাতীয় সংসদ নির্বাচনে এটিই তার প্রথম অংশগ্রহণ। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
অন্যদিকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী সারজিস আলম হলফনামায় নিজের পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করলেও কী ধরনের ব্যবসা করেন তা স্পষ্ট করেননি। তিনি বছরে ৯ লাখ টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। তার হাতে নগদ রয়েছে তিন লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংকে জমা আছে এক লাখ টাকা।
হলফনামা সূত্রে জানা গেছে, সারজিস আলমের নামে দানকৃত ১৬ দশমিক ৫০ শতক কৃষি জমি রয়েছে, যার বাজারমূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা। তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই এবং কোনো আগ্নেয়াস্ত্রও নেই। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর।
তবে আয়কর রিটার্নে সারজিস আলম ২০২৫-২০২৬ অর্থবছরে মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা এবং মোট সম্পদের মূল্য দেখিয়েছেন ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এর বিপরীতে তিনি ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন। হলফনামায় তার স্ত্রীর আয় বা সম্পদের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম ছাড়াও আরও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি, জাসদ, জাগপা, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থীরা।