• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু গোল্ডকাপ: সিলেটে অনুশীলনে বাংলাদেশ

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৮

ছয় দেশে জাতীয় দলের অংশগ্রহণে আগামী ১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসর। ইতোমধ্যে টুর্ণামেন্ট আয়োজনের প্রায় ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবারের এই টুর্ণামেন্ট বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে লাওস, ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান জাতীয় ফুটবল দল। এদের মধ্যে আয়োজক বাংলাদশে শুক্রবার এবং লাওস, ফিলিস্তিন ও ফিলিপাইন গতকাল সিলেটে এসে পৌঁছেছে। আর বাকি দুই দল তাজিকিস্তান ও নেপাল রবিবার সিলেটে পৌছাবে।

সিলেটে পৌঁছেই গতকাল মাঠে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ভাল খেলার প্রত্যয়েই সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সিলেট বিকেএসপিতে অনুশীলন করেছে লালসবুজের প্রতিনিধিরা। আগামী ১ অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লাওসের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের সংশ্লিষ্টরা জানান- গতকাল ২৩ সদস্যের দল সিলেটে অনুশীলন করছে, দলের সাথে যুক্ত হয়েছেন ফরোয়ার্ড জাফর ইকবাল। দলের কোন খেলোয়াড়ের আপাতত ইনজুরিজনিত কোন সমস্যা নেই, টুর্ণামেন্টের প্রতিটি ম্যাচে ভালো ফলাফল করতে প্রস্তুত তারা।

অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলনের জন্য সিলেটে চারটি মাঠ নির্ধারণ করা হয়েছে। আখালিয়া বিজিবি মাঠ, সিলেট বিকেএসপি, ক্যাডেট কলেজ ও জালালাবাদ ক্যান্টনম্যন্ট মাঠে অনুশীলন করবে ছয়টি দল।

এদিকে টুর্ণামেন্টের আয়োজন নিয়ে গতকাল বিকালে সিলেট জেলা ক্রীড়া ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, সিলেট ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন- ছয়টি দেশে জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে আগামী ১ হতে ৬ অক্টোবর পর্যন্ত গ্রুপ পর্বের ছয়টি খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১ অক্টোবর সন্ধ্যা ৬টায়। প্রতিটি ম্যাচে দর্শকদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পন্সর প্রতিষ্ঠান কে স্পোর্টস এর পক্ষ হতে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হবে। প্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট জেলা স্টেডিয়ামের তিনটি কাউন্টারে পাওয়া যাবে। ২৫ হাজার দর্শক ধারণক্ষমতার সিলেট জেলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচের ২২ হাজার টিকেট বিক্রি করা হবে। বাকি তিন হাজার টিকেট থাকবে সৌজন্য।

তিনি আরো বলেন- টুর্ণামেন্ট আয়োজনের জন্য সিলেট জেলা স্টেডিয়াম প্রায় ৯৫ ভাগ প্রস্তুত। বাকি কাজ রবিবারের মধ্যেই সম্পন্ন হবে। এ টুর্ণামেন্টের জন্য স্টেডিয়ামে ফ্লাড লাইটসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যপক উন্নয়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি ও উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি নুরুল আমিন প্রমুখ।