
আলোকচিত্রী শহিদুল আলমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন।
শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ও ব্যারিস্টার সারা হোসেন।
জামিনের বিরোধিতা করে শুনানি করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু।
উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত।
এর আগে গত ১৪ আগস্ট বিকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচার কে এম ইমরুল কায়েস আবেদনটি গ্রহণ করে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন।
গত ১২ আগস্ট সাত দিনের রিমান্ড শেষে শহিদুল আলমকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আরমান আলী তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
চলতি মাসের ৫ আগস্ট রাতে তাকে ধানমন্ডির নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার ও দৃক গ্যালারি কর্তৃপক্ষ।
পরে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
সম্প্রতি ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে যে ছাত্র আন্দোলন হয় তাতে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় শহিদুল আলমের বিরুদ্ধে।