বি৭১নি ডেস্ক :
ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানকেও অন্য একটি মামলায় আসামি করা হয়েছে।
আজ সোমবার রমনা থানায় র্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে এই মামলা দুইটি দায়ের করেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কাজী মাইনুল ইসলাম জানান, র্যাবের পক্ষ থেকে মাদক ও অস্ত্র আইনে ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় এনামুল হক আরমানকেও আসামি করা হয়েছে।
এর আগে গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত সম্রাটের কাকরাইলের অফিসে অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র্যাব-১ অধিনায়ক সারোয়ার বিন কাশেম বলেন, ‘তার (সম্রাট) কার্যালয় থেকে ১৯ বোতল বিদেশি মদ, একটি পিস্তল, ইয়াবা ট্যাবলেট দুটি ক্যাংঙারুর চামড়া এবং দুটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়েছে।’
ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকেই সম্রাটকে নিয়ে নানা গুঞ্জন উঠে। অভিযান শুরুর পর হাই-প্রোফাইল কয়েকজন গ্রেপ্তার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। পরে কুমিল্লার একটি বাড়ি থেকে গতকাল রোববার ভোরে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আইনশৃঙ্খলা বাহিনী।