• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ইয়াঙ্গুনের রানওয়েতে ছিটকে পড়ল বিমান

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০১৯

বি৭১নি ডেস্ক :
খারাপ আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি।
এতে অল্পের জন্য যাত্রীদের প্রাণে রক্ষা পেয়েছেন আরোহীরা। তবে বিমানের পাইলট শামীমসহ আহত হয়েছেন ১৫ আরোহী। তাদের ইয়াংগুনের নর্থ ওকলাপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটিতে বলা হয়, মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের একটি বিমান। সন্ধ্যা ৬টার দিকে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাচ্ছিল। সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।
উড়োজাহাজটি ছিটকে পড়ে পাইলট আহতের তথ্য নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যাত্রীরা অক্ষত আছেন। পাইলট ও যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে চিকিৎসক পাঠানো হচ্ছে।
১৫ আরোহী আহত হয়েছেন। এক আরোহীর পা ভেঙে গেছে। সবাইকে ইয়াংগুনের নর্থ ওকলাপা হসপিটালে ভর্তি করা হয়েছে।