বি৭১নি ডেস্ক :
চট্টগ্রাম নগরীর কোরবানীগঞ্জ এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর স্ত্রী খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে কোরবানীগঞ্জের বোম্বাইয়া আমিনের বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে খুন হন ব্যবসায়ী আবুল কাশেমের স্ত্রী রোখসানা বেগম (৪৩)। এতে গুরুতর আহত তার ছেলে আজিজ (২৩)।
খাতুনগঞ্জে কাশেম ট্রেডার্সের মালিক আবুল কাশেম আমদানি বাণিজ্যের সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোম্বাইয়া আমিনের ভবনের চারতলার একটি ফ্ল্যাটের রান্নাঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি দিয়ে নিভিয়ে ফেলেন। তখন পাশের একটি বেড রুমে খাটের দিকে মুখ করে রোখসানার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খাটের নিচে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল ছেলে আজিজ। তার নড়াছড়া দেখে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান। ওই সময় বাসায় আর কেউ ছিলেন না।
নিহতের স্বামী আবুল কাশেম বলেন, ‘দুপুরে আমাকে জানানো হয়, আমার ঘরে আগুন লেগেছে। আমি এসে দেখি আমার স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে। আমার ছেলেকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
এই ব্যবসায়ী বলেন, ‘৪৫ দিন আগে অজ্ঞাত একটি নম্বর থেকে আমাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আমার ছেলের একটা বিবাদ আছে, সেটা যেন দ্রুত মিটিয়ে ফেলি। এই বিষয়ে ওই নম্বরটি উল্লেখ করে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করি। কিন্তু থানা থেকে এখনো কোনো কিছুই জানানো হয়নি।’
স্থানীয় নাজিম উদ্দীন বলেন, এক যুবককে একহাতে ছুরি ও আরেক হাতে একটি খেলনা অস্ত্র হাতে নগরীর টেরিবাজারের দিকে ছুটতে দেখা গেছে। পরে টেরিবাজার বক্সিরহাট মোড়ে এসে সেই ছুরিটি ফেলে ওই যুবকটি পালিয়ে যান। তবে ওই যুবককে কেউ শনাক্ত করতে পারেনি।
চট্টগ্রাম মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, কোরবানীগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। তার ছেলেও ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনা কেন ঘটনানো হয়েছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ভবনের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতককে শনাক্তে কাজ চলছে।