বি৭১নি ডেস্ক :
স্ত্রী নির্যাতন মামলায় জামিন পেয়েছেন আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার তার জামিন মঞ্জুর করেন। স্ত্রী সুমি বেগম সংসার করবেন বলে রাজি হওয়ার ভিত্তিতে তার জামিন মঞ্জুর করেন আদালত।
জামিনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন হিরো আলম। এ সময় সুমি বেগমও আদালতে উপস্থিত ছিলেন।
জানা গেছে, হিরো আলমের শ্বশুর (বাদী) মামলায় আপস করায় এবং স্ত্রী সুমি বেগম তার সঙ্গে সংসার করতে চাওয়ায় এ আদেশ দেওয়া হয়।
স্ত্রীকে নির্যাতন মামলার এক মাস ১২দিন পর জামিন পেলেন হিরো আলম। তার আইনজীবী মাসুদার রহমান স্বপন জানান, ‘হিরো আলমের জামিন শুনানিকালে তার স্ত্রী কোনো আপত্তি জানাননি। বরং আদালতকে বলেছেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা করেছেন। এখন তিনি হিরো আলমের সঙ্গে সংসার করবেন। আদালতে হিরো আলম উপস্থিত থাকলেও তার কোনো বক্তব্য আদালত শোনেননি।’
উল্লেখ্য, যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ৬ মার্চ হিরো আলমকে পুলিশ গ্রেপ্তার করে। ২৫ মার্চ হিরো আলমের জামিন শুনানিকালে বাদী হিসেবে তার শ্বশুর মামলা আপোষ করেছে মর্মে আদালতকে জানান। এ সময় হিরো আলমের স্ত্রী সুমি বেগম আদালতে উপস্থিত থেকে স্বামীর জামিন প্রার্থনা করেন। আদালত তাদের বক্তব্য শুনে মামলার বাদী ও হিরো আলমের স্ত্রীকে ভৎর্সনা করেন। পরে আদালত হিরো আলমের জামিন না মঞ্জুর করে ১৮ এপ্রিল হিরো আলমকে আদালতে হাজির করার নির্দেশ দেন।