বি৭১নি ডেস্ক :
ইনজুরি থেকে ফেরার মিশনে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ছেলের ইনজুরি কাটিয়ে ওঠার কথা বলতে গিয়ে তাসকিনের বাবা এম এ রশিদ মনু জানালেন অবাক করা তথ্য। নিজেকে ফিট রাখার জন্য তাসকিন নাকি ২০ দিন ভাত মুখে নেননি!
আজ শনিবার ছেলের সঙ্গে অনুশীলন দেখতে বাবাও আসেন মাঠে। বিসিবি একাডেমিতে সাংবাদিকদের তাসকিনের বাবা বলেন, ‘তাসকিন নিজেকে ফিট রাখার জন্য প্রায় ২০ দিনের মতো ভাত খায় না। ফিজিও বলেছেন নিয়মিত অনুশীলনের মধ্যে নেই তাই শরীরের গঠন ঠিক রাখতে ভারী খাবার একটু কম খেতে।’
বিপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করে দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ডাক পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু ইনজুরি তার সব মাটি করে দিলো। এমন একটা সময়ে তার ইনজুরি হলো, যে কারণে বিশ্বকাপে খেলা নিয়েও আছে কিছুটা সংশয়। বিপিএলে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে বাঁ- পা মচকে যায় পেসার তাসকিন আহমেদের। যার জন্য নিউজিল্যান্ড সিরিজে দলে থেকেও বিমানে উঠতে পারেননি তিনি।
এরপর প্রায় দেড় মাস মাঠের বাইরে রয়েছেন। ইনজুরি কাটিয়ে আবারো অনুশীলন শুরু করেছেন। আজ ছিলো তার অনুশীলনের প্রথম দৌড়। তাই ছেলেকে মানসিকভাবে শক্তি যোগাতে মাঠে এসেছিলেন তাসকিনের বাবা।
তবে ছেলেকে দৌড়াতে দেখে অনেক খুশী বাবা, তিনি বলেন, ‘আমার মাঠে আসার উদ্দেশ্য হলো বিপিএলে যখন ইনজুরিতে পড়ে তখন খুব খারাপ লেগেছিল। তো গতকাল ও (তাসিকন) আমাকে বলছে বাবা কাল থেকে আমার রানিং, তখন আমি বললাম আমি যাবো। আজ যেহেতু ওর রানিং একটা বড় ব্যাপার তাই মেন্টালি সাপোর্ট দিতেই এসেছি।’
নিজের অনুশীলন নিয়ে তাসকিন বলেন, মাশাল্লাহ আল্লাহর রহমতে অনুশীলন করতে কোনো সমস্যা হয়নি। রানিং করার পর দুই এক দিনের মধ্যে বোলিং অনুশীলন শুরু করবো।’