• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

‘জেগে উঠবে’…ছেলের কবরের পাশে বাবার অপেক্ষা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন ছেলে। একমাত্র সম্বল ধরণী ছেড়ে চলে যাওয়ায় বেশ ভেঙে পড়েন বৃদ্ধ বাবা। ছেলেকে ফিরে পেতে যারপরনাই আকুল ছিলেন তিনি। গিয়েছিলেন তান্ত্রিকের কাছে। ছেলে বেঁচে উঠবে বলে শর্ত দিলেন তান্ত্রিক, এর এর জন্য নিলেন ৭ লাখ টাকা। বললেন, ৪১ দিন ছেলের কবরের পাশে বসে থাক, জ্যান্ত হয়ে ফিরবে তোর সন্তান।
ছেলেকে ফিরে পাওয়ার আশায় কথা মতো কাজ শুরু করেন বাবা। কিন্তু ৩৮ দিনের মাথায় তাতে বাগড়া দেয় পুলিশ। ঘটনা জানাজানি হতেই তারা এসে বৃদ্ধ বাবাকে ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে।
ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নেল্লোরের পেটলুরু গ্রামের বাসিন্দা থুপ্পাকুলা রামুর (৫৬) ছেলে টি শ্রীনিবাসালু সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে গতমাসে মারা যান। ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা তাকে ফিরে পেতে যান এক তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক আবার তার কাছ থেকে ৭ লাখ টাকা নিয়ে মন্ত্র দেয়, যদি তিনি ছেলের কবরের পাশে টানা ৪১ দিন বসে থাকতে পারেন, তাহলেই জীবিত হয়ে ফিরবে শ্রীনিবাসালু। তান্ত্রিকের কথা মতো রামুও গিয়ে বসে পড়েন কবরের পাশে। টানা ৩৮ দিন সেখানে বসে থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।
অন্ধ্রপ্রদেশ পুলিশের ডিএসপি শ্রীরামবাবু বলেন, ‘জেলার পেটলুরু গ্রামে কবরের পাশে বসেছিলেন রামু। স্থানীয় তান্ত্রিকের কথায় তিনি এই কাজটি করছিলেন। স্থানীয়রা আমাদের এই ব্যাপারে জানাতেই আমরা সেখানে গিয়ে রামুকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। তার কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন ওই তান্ত্রিক।’
পুলিশ আরও জানায়, নিজের অর্থিক ক্ষতি হওয়ার পরও ওই তান্ত্রিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি রামু। বরং তিনি বলেছেন, কোনো প্রথায় বিশ্বাস রাখার অধিকার আছে তার। ওই তান্ত্রিকের ওপর তার বিশ্বাস আছে। তিনি কোনো অপরাধ করেননি।