বি৭১নি ডেস্ক :
ফরহাদ রেজার অসাধারণ ফিনিশিংয়ে দুর্দান্ত জয় পেয়েছে রংপুর রাইডার্স। হারের বৃত্তে থাকা চ্যাম্পিয়নরা আজ সিলেটকে হারিয়ে সপ্তম ম্যাচে নিজেদের তৃতীয় জয় পেয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৯৫ রানের টার্গেটে খেলতে নেমে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স।
আবারও ব্যর্থ হলেন ক্রিস গেইল। বিশাল টার্গেটের সামনে খেলতে নেমে সাজঘরে ফিরে যান খালি হাতে। তবে তিন বিদেশির কল্যাণে দ্রুত চাপ কাটিয়ে ওঠে রংপুর। রুশো-ভিলিয়ার্স-হেলস এই তিন জনের ব্যাটেই মূলত জয়ের স্বপ্ন দেখেন চ্যাম্পিয়নরা। শেষ দিকে ফরহাদ রেজার অসাধারণ ফিনিশিংয়ে জয়ের দেখা পান মাশরাফিরা।
সর্বোচ্চ ৬১ রান আসে রিলে রুশোর ব্যাট থেকে। তিন তিনবার জীবন পেয়ে এ রান করেন রুশো। চতুর্থবার তাসকিনের বলে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরেন সাজঘরে। হেলস ৩৩ ও ভিলিয়ার্স ৩৪ রান করে আউট হন। ফরহাদ রেজা ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। তাসকিন আহমেদ সর্বোচ্চ চার উইকেট নেন সিলেটের হয়ে।
দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্ধারিত ২০ ওভারে সিলেট চার উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে।
খেলতে নেমে দ্বিতীয় ওভারেই লিটন দাসকে হারায় সিলেট। একপ্রান্তে সাব্বির ছিলেন অবিচল। রানআউটের শিকার হয়ে মাত্র ১৯ রানে ফিরে যান আফিফ হোসেন। সুবিধা করতে পারেননি ওয়ার্নারও। সিলেট কাপ্তানের ব্যাট থেকে আসে ১৯ রান। ওয়ার্নার আউট হয়ে গেলেও বড় সংগ্রহ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আজ যে সাব্বিরের দিন।
মাত্র ৫০ বলে সাব্বির রহমান খেলেন ৮৫ রানের এক ঝকঝকে ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল দৃষ্টিনন্দন চার-ছয়ের মারে। প্রতিটি শটই খেলছেন দৃঢ়তার সঙ্গে। ৮৫ রানের চারের চেয়ে বেশি ছয়ের মার। ৫টি চার ও ৬টি ছয় মারেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তবে ফর্মের তুঙ্গে থাকা সিলেটের বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পূরাণের কথা না বললেই নয়। মাত্র ২৭ বলে ৪৭ রানে ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।