পাকিস্তানে একটি বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে এবং আরো অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। বিবিসিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।
শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদের কাছে এই বিস্ফোরণটি ঘটে। ইসলামের নবীর জন্মদিন উদযাপনের জন্য মসজিদটিতে অনেক মানুষ সমবেত হয়েছিলেন।
পুলিশ ধারণা করছে যে, মাস্টাং শহরে ধর্মীয় এই সমাবেশকে লক্ষ্য করে হয়তো আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করেছে। পুলিশ বলছে, হতাহতদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।
মাস্টাং শহরের অন্তত দুই জন পুলিশ কর্মকর্তা নিহতের সংখ্যা বিবিসিকে নিশ্চিত করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বাগতি এই বিস্ফোরণকে “অত্যন্ত জঘন্য কাজ” বলে অভিহিত করেছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা যাচ্ছে, আহতদের স্থানীয় জনগণ এবং জরুরী উদ্ধারকর্মীরা উদ্ধার করছে।
এখনো এই হামলার দায় কোন গোষ্ঠী স্বীকার করেনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক মুনির আহমেদ রয়টার্সকে বলেন, “বোমা হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ি লক্ষ্য করে তার বোমার বিস্ফোরণ ঘটায়।”
জেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রশীদ বলেন, অন্তত ৫৮ জন আহত হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে কারণ অনেক মানুষের অবস্থা বেশ গুরুতর।
গত বছর সরকার ও তেহরিক-ই-তালিবান-টিটিপি এর সাথে একটি অস্ত্র বিরতি চুক্তি বাতিল হওয়ার পর পাকিস্তানে ইসলামি সন্ত্রাসীদের হামলা আবার বেড়ে গেছে।
তবে শুক্রবারের হামলার দায় অস্বীকার করেছে টিটিপি।