• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্যবধান বাড়িয়ে নিতে চান টাইগাররা

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১

ক্রীড়া প্রতিবেদক ::

এ বছর দেশের মাটিতে একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। বিশেষ করে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটে। যে অস্ট্রেলিয়াকে কখনই কুড়ি ওভারের ক্রিকেটে হারাতে পারেনি, তাদের বিপক্ষেই কিনা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে লাল-সবুজ। নিউজিল্যান্ড দলটিও তো টি-টোয়েন্টি ফরম্যাটে ধরাছোঁয়ার বাইরে ছিল। ১০ ম্যাচ পর সে দলটিকেও ‘নাকানিচুবানি’ খাইয়েছেন মাহমুদউল্লাহরা। ব্ল্যাক ক্যাপসদের হারের তেতো স্বাদ দেওয়ার পাশাপাশি তাদের টি-টোয়েন্টি ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন রানের লজ্জাও উপহার দিয়েছেন।

এরপর তো টাইগারপ্রেমীদের দাবি, মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হোক! এটি আসলে স্রেফ মজাচ্ছলে বলা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করার কোনো সম্ভাবনা নেই। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া কুড়ি ওভারের ক্রিকেটের এই মহাযজ্ঞের আসর বসবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। তবে এটি তো বলার অপেক্ষা রাখে না, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘বড়’ দলের বিপক্ষে জয় পেলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। শুরুটাও দারুণ হয়েছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬০ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছেন মাহমুদউল্লাহরা।

আজ দ্বিতীয় ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে ময়দানি যুদ্ধ। প্রথম ম্যাচ জিতে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে অবস্থান করছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলে ছয় নম্বরে উঠে যাবে! এই ম্যাচের আগের দিন গতকাল অবশ্য অনুশীলন করেননি দুই দলের খেলোয়াড়রা। তারা হোটেলেই ছিলেন। তবে বাংলাদেশ যেমন ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা করছে, তেমনি ব্ল্যাক ক্যাপসদেরও লক্ষ্য আজকের ম্যাচটি জিতে সিরিজে সমতা (১-১) ফেরানোর।

মিরপুরের উইকেট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের মতোই উইকেট দেখা গেছে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে। সেøা ও টার্নিং উইকেটে ব্যাটসম্যানরা ‘খাবি’ খাচ্ছেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান অবশ্য গতকাল বলেছেন, তারা ভালো উইকেট বানানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। দ্বিতীয় ম্যাচের উইকেট কেমন হবে তা তো সময়ই বলে দেবে। তবে যতটুকু আভাস পাওয়া গেছে, তাতে এই ম্যাচের পিচেও ব্যাটসম্যানদের সংগ্রাম করতে হবে। কন্ডিশন কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের পকেটে রাখাটাই তো স্বাগতিকদের একমাত্র লক্ষ্য!

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তবে উদ্বোধনী জুটি জমেনি। নাইম শেখ ও লিটন দাস দুজনেই ব্যক্তিগত এক রানে আউট হয়েছেন। দলীয় ৭ রানের মধ্যে প্রথম সারির দুই ব্যাটসম্যানকে হারালেও সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহর ব্যাটে ৩০ বল বাকি থাকতেই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি। কেননা অতীতেও দেখা গেছে উইনিং কম্বিনেশন ভাঙে না বাংলাদেশ। তবে টিম ম্যানেজমেন্ট টপ অর্ডারের কাছ থেকে ভালো ইনিংস আশা করছেন। বোলাররা তো ছন্দে আছেনই। মোস্তাফিজ, সাকিব, নাসুম, মাহেদী, সাইফউদ্দিনরা সবাই সবার জায়গায় সেরাটা দিয়েই নিউজিল্যান্ডকে ৬০ রানে গুটিয়ে দিয়েছেন। আজও তিন বিভাগের কাছ থেকেই সেরাটা চান বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

আজ দ্বিতীয় ম্যাচটি জিতলে ব্যবধান দাঁড়াবে ২-০। সে লক্ষ্য নিয়েই মাঠে নামবেন টাইগাররা। নিজেদের চিরচেনা কন্ডিশন কাজে লাগিয়ে প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করার লক্ষ্যের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ। অন্যদিকে প্রথম ম্যাচের ভুলগুলো না করার চেষ্টা থাকবে নিউজিল্যান্ডের। দলটির অধিনায়ক টম ল্যাথাম জানিয়েছেন, দেশের চেয়ে এখানে সব কিছু পুরো আলাদা। তাই বোঝার চেষ্টা করছি, এই উইকেটে ভালো স্কোর কেমন।