• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইসরাইল ও ফিলিস্তিনকে বিশ্ব সম্প্রদায়ের শান্ত থাকার পরামর্শ

bijoy71news
প্রকাশিত মে ১১, ২০২১
ইসরাইল ও ফিলিস্তিনকে বিশ্ব সম্প্রদায়ের শান্ত থাকার পরামর্শ

বি৭১নি ডেস্ক ::
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা ও প্রাচীন শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তা প্রশমনে বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানিয়েছে।
ইসরাইল ও ফিলিস্তিনের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন এ আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।
আল-আকসা প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি পুলিশের হামলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় গাজা থেকে ইহুদি বসতি লক্ষ্য রকেট হামলা চালায় হামাস। ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে এই হামলায় সামিল হয়। এর জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরাইল।
ফিলিস্তিনের কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় নয় শিশুসহ কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৫ জন।
আর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এই বিমান হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন হামাসের সদস্য। গাজা থেকে দেড় শতাধিক রকেট ছোড়া হয়েছে। এগুলো ‘আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম’ ব্যবহার করে ঠেকিয়ে দেওয়া হয়েছে।
সোমবারের ওই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জেরুজালেমে আগ্রাসনের দায়ে দখলদার ইসরাইলকে কিছু না বললেও হামাসের হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
তিনি বলেন, এই হামলা দ্রুত বন্ধ করতে হবে। এ ছাড়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা হ্রাস করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস সীমা অতিক্রম করেছে, তাই ইসরাইল তার শক্তি দিয়ে জবাব দেবে।
নেতানিয়াহু বলেন, আমাদের রাজধানী, আমাদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং আমাদের সেনাদের ওপর কোনো হামলা মেনে নেওয়া হবে না। যারা এই ধরনের হামলা চালিয়েছে, তাদের মূল্য দিতে হবে।