• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘গোলমরিচ’ ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২১
‘গোলমরিচ’ ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে

বি৭১নি ডেস্ক ::
ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘গোলমরিচ’ ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে। রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান।
এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘গোলমরিচ’ নাটকটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রচারিত হওয়ার একদিনেই সাড়ে ৮ লাখেরও বেশি দর্শক দেখেছে।
এর আগেই নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান ব্যাপক আশাবাদ ব্যক্ত করেছিলেন। নাটক প্রচারের আগেই তিনি বলেছিলেন, ‘‘নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটি দারুণ হিট হবে। এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী- সবকিছুতেই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার’।
নাটকটি দেখার পর অনেকেই নানা মন্তব্য করেছেন। দর্শকদের কেউ কেউ বলছেন, নতুন কিছু করতে গিয়ে গল্পে কিছু বিতর্কিত বিষয় ঢুকে গেছে। একটা মেয়ে অপরিচিত একটা ছেলের সঙ্গে রাতে হোটেল বুকিং, পরে পুলিশি ঝামেলায় পড়ার পর যেকোনো মানুষ সন্দেহের চোখে তাকানোটা অস্বাভাবিক নয়। কিন্তু নাটকে সেটি অস্বাভাবিক হিসেবেই দেখানো হয়েছে।
অনেকে বলছেন, হোটেলে থাকার সময় জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়, তাদের কাবিননামা চাওয়া হয়। পরে এটা কীভাবে ম্যানেজ করে গল্পের নায়ক তা স্পষ্ট করা হয়নি।
আরিফ রহমান নামের একজন ফেসবুকে মন্তব্য করেন, ফালতু স্টোরি, ধার করা স্টোরি।
মাশফিক আহমেদ সায়েম নামের একজন লেখেন, বাজে একটা নাটক।
আওয়াজ নামের এক যুবক রেলস্টেশনে কাঁধে চাপ দিয়ে ফোনে কথা বলছিলেন। সঙ্গে দুই হাতে মানিব্যাগ খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিলেন। ঠিক সে সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী যুবতী!
আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলেন আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা! এখান থেকেই মূলত শুরু হয় গল্পটি।