নিজস্ব প্রতিবেদক ::
সিলেট নগরীর বন্দর বাজারস্থ ঈসমাইল শপিং সেন্টার নদী অ্যাডের ক্যাশ থেকে ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন জুনেদ গণি নামের এক ব্যক্তি। তিনি গোলাপগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ডের আব্দুল গণির ছেলে। এ ঘটনায় প্রতিষ্ঠানটি কর্ণধার বোরহান উদ্দিন রোকন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা নম্বর-৭২ দায়ের করেছেন।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলাও রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এদিকে মামলার এজাহারে বাদি বোরহান উদ্দিন রোকন উল্লেখ করেন, গত ২৫ নভেম্বর সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে ব্যবসা প্রতিষ্ঠানে আসেন জুনেদ গণি। এ সময় নদী অ্যাডের প্রতিষ্ঠাতা বোরহান উদ্দিন রোকন জুনেদ গণির সাথে কথাবার্তা বলে মাগরিবের নামাজে যাওয়ার কথা জানান। তখন জুনেদ গণি নামাজে যাবেন না বলে রুকনকে বলেন। জুনেদ গণি পূর্ব পরিচিত হওয়ায় তাকে প্রতিষ্ঠানে রেখেই নামাজ পড়তে যান রুকন। ওই সুযোগে জুনেদ গণি রুকনের ক্যাশে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। বিভিন্নভাবে যোগাযোগ করে তার কাছ থেকে টাকা আদায় করতে না পেরে কোতোয়ালি থানায় জুনেদ গণির বিরুদ্ধে মামলা করেন রুকন।